সাংবাদিক শফিকুল কবির আর নেই

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:২৯
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি শফিকুল কবির আর নেই (ইন্নালিল্লাহে...রাজেউন)। গতকাল রবিবার রাজধানীর জুরাইনস্থ নিজ বাসভবনে অসুস্থতাবোধ করলে বেলা ২টায় তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সকরা জানান, তিনি পথেই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি, ডিআরইউ কার্যনির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করেছে। গতকাল বাদ মাগরিব জুরাইনের আলম মার্কেট এলাকায় মরহুমের প্রথম নামাজে জানাজা, সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা এবং তার প্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর শ্রদ্ধা জ্ঞাপন শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষে বাদ এশা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বর্ণাঢ্য কারিয়ারের অধিকারী শফিকুল কবির ১৯৬০’র দশকে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তত্কালীন কার্যনির্বাহী সম্পাদক শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের তত্ত্বাবধানে সাংবাদিকতা শুরু করেন। ‘নোনতা খান’ নামে তার লেখাগুলো দারুণভাবে পাঠক সমাদৃত হয়। ঢাকায় কর্মরত রিপোর্টারদের পেশাগত মান উন্নয়ন ও মর্যাদা রক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিষ্ঠায় তিনি প্রধান সংগঠকের ভূমিকা পালন করেন। তিনি ১৯৯৫ সালে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ১৯৯৬-৯৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সাংবাদিক শফিকুল কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বাসস জানায়, এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশে সাংবাদিকতা পেশার বিকাশে তার অবদানের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোক বার্তায় শফিকুল কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান। ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যরা এক বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রুহের মাগফেরাত কামনা করেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দীন এক বার্তায় গভীর শোক জ্ঞাপন করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইত্তেফাক ইউনিট চীফ আবুল খায়ের, দৈনিক ইত্তেফাক প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের (এনএনপিপি) সভাপতি মো. আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আজাদ, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। জীবন বৃত্তান্ত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারদী গ্রামে ১৯৪২ সালের ১১ মার্চ জন্মগ্রহণ করেন শফিকুল কবির। তার পিতার নাম মরহুম আফসার সাকির ও মাতা মরহুমা আছোরজান বেগম। ১৯৭২ সালের ৭ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি ডিআরইউ’র লাইফটাইম এচিভমেন্ট পুরস্কার পান। শফিকুল কবির প্রকাশিত বইগুলো হচ্ছে টিকাটুলি থেকে পিকাডেলি, যুদ্ধ ও নারী, সোনার পালংক।