রামপালে বিদ্যুত্ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে চার ব্যক্তির পদযাত্রা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:২৯
বাগেরহাটের রামপালে সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রতিবাদে নারায়ণগঞ্জ থেকে রামপাল পদযাত্রা করেছে পরিবেশবাদী নাগরিক সংগঠন ‘নির্ভীক’। গতকাল রবিবার সকাল সাড়ে নয়টার দিকে রামপালের ফয়লা বাজার বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশের মধ্য দিয়ে ‘নির্ভীক’ এর চার সদস্যের দলটি তাদের ২১০ কিলোমিটার পদযাত্রা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ করে। গত ৮ অক্টোবর দলটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের যাত্রা শুরু করেছিলো। এই তাপ বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে গোড়া থেকে আন্দোলন করে আসা ‘রামপাল কৃষি জমি রক্ষা কমিটি’র নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ পরে ফয়লা বাজারে তাদের সংবর্ধনা দেয়। পদযাত্রা দলের সদস্যরা হলেন ‘নির্ভীক’র প্রধান সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল (৫৫), পল্লী চিকিত্সক মঞ্জুরুল আলম মুসা (৩৮), ক্ষুদ্র ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪৫) এবং শ্রমিক ফজলুল হক (৫৫)। এদের সবার বাড়ি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায়। এটিএম কামাল এই প্রতিবেদককে জানান, ‘নির্ভীক’ একটি অরাজনৈতিক এবং পরিবেশ ও মানবাধিকারবাদী সংগঠন। টিপাইমুখ বাঁধ, ফেলানী হত্যা, সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় তারা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করেছেন। সুন্দরবন রক্ষায় তাদের এই কর্মসূচিও এ ধরনের একটি উদ্যোগ। তিনি বলেন, সুন্দরবন একটি বিশ্ব ঐতিহ্য, আমাদের সংস্কৃতির অংশ। আমরা এই বনকে হারাতে চাই না। তাই সরকারের কাছে আমাদের দাবি, অন্য কোথাও এই কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করা হোক।