বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা গতকাল রবিবার বিক্ষোভ করেছে। পোশাক শ্রমিকরা প্রায় সোয়া ১ ঘণ্টা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা প্রায় ১০-১২টি যানবাহন ভাংচুর করলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার এস আই জিন্নাহ জানান, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে সকাল সোয়া ১১টায় পোশাক শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে আবার যান চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও পোশাক শ্রমিকরা জানান, সিদ্ধিরগঞ্জে সানারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন রপ্তানিমুখী পোশাক কারখানা লিপি নিটওয়্যারে প্রায় ১ হাজার শ্রমিক কাজ করে। এ কারখানার পোশাক শ্রমিকরা সেপ্টেম্বরসহ আগের কয়েক মাসের বেতন পাবে। এছাড়া ঈদ উপলক্ষে তাদের বোনাস পরিশোধ করা হয়নি। মালিক পক্ষের লোকজন বার বার বেতন ও বোনাস দেয়ার কথা বলে তালবাহানা করছিল। এদিকে গতকাল সকালের মধ্যে বকেয়া পরিশোধের কথা বলেও মালিক পক্ষের লোকজন কেউ কারখানায় আসেনি। এর ফলে পোশাক শ্রমিকরা গতকাল সকাল ১০টায় কর্মবিরতি দিয়ে প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। পরে তারা একজোট হয়ে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা মহাসড়কে বসে বিক্ষোভ করতে থাকে। পোশাক শ্রমিকরা এ সময় প্রায় ১০-১২টি যানবাহন ভাংচুর করে। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিকেএমইএ’র পরিচালক ও লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক বলেন, আমরা এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি:জেলা সদরের মালেকের বাড়ি ও বড়বাড়ি এলাকায় গতকাল ২টি কারখানার পোশাক শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি-বিক্ষোভ করেছে। বেতন ও ঈদ বোনাসের দাবিতে তারা এ বিক্ষোভ করে। এ ঘটনায় একটি কারখানা গতকালের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদ বোনাসের দাবিতে বড়বাড়ি এলাকার পার্কসিন পোশাক কারখানার শ্রমিকরা গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে আজ সোমবার তাদের বোনাস দেয়ার আশ্বাস দিয়ে গতকালের জন্য পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। অপরদিকে ছয়দানা মালেকের বাড়ি এলাকায় টেক্স টেক সোয়েটার কারখানার শ্রমিকরা চলতি মাসের ১০ দিনের বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ কারখানার জানালার কাঁচ ভাংচুর করে উত্তেজিত পোশাক শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাস্টার রোলের কর্মচারীদের বেতন বোনাসের দাবিতে সড়ক অবরোধ
টঙ্গী সংবাদদাতা:গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের মাস্টার রোলে কর্মরত প্রায় ৪শ’ কর্মচারী গতকাল দুপুরে আধ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা ক্ষুব্ধ হয়ে গাড়ি ভাংচুর করেছে। পরে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলরদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মচারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলে মাস্টার রোলে কর্মরত কর্মচারীরা তাদের সেপ্টেম্বর মাসের বেতন-বোনাস পরিশোধ করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। সিটি করপোরেশন কর্তৃপক্ষ তাদের বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলেও গতকাল পর্যন্ত পরিশোধ না করায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় তারা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে গাড়ি ভাংচুর করে।
