নগরীর বিআইপি শাখা রোডের এপিবিএন পুলিশ অফিসের সামনে গতকাল রবিবার একটি ভবন থেকে র্যাব বিপুল পরিমাণ অবৈধ সিম ও ভিওআইপি সরঞ্জামসহ দু’জনকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার মৌলভীরহাট গ্রামের ইমরান হোসেন আকাশ ও ময়মনসিংহ জেলার ফুলতলা গ্রামের শরিফুল ইসলাম। তাদের দু’জনই ডিপ্লোমা প্রকৌশলী বলে দাবি করেছেন।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাব-৮ এর সিপিসি-১ কমান্ডার ক্যাপ্টেন জানান, তারা গোয়েন্দা তত্পরতার মাধ্যমে জানতে পারেন অবৈধ সংযোগ ব্যবহারে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। বেশ কয়েকদিন অনুসন্ধান চালিয়ে র্যাব নিশ্চিত হয়েছেন, ওই সড়কের রাশিদা নিলয় ভবনের তিন তলায় এ চক্রটির অবস্থান।
গতকাল এক প্লাটুন র্যাব বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায়। এসময় ভবনের তিন তলা থেকে দু’টি ভিওআইপি মেশিন, দু’টি ল্যাপটপ, একটি ডেস্কটপ, ১০টি বিভিন্ন কোম্পানির মোডেমসহ বিপুল পরিমাণ মোবাইল ফোনের সিমকার্ড উদ্ধার করা হয়।
