চট্টগ্রামে মাদ্রাসায় বিস্ফোরণ

ঢাকা-মেডিক্যালে আরো একজনের মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২২:৩৩
চট্টগ্রামের মাদ্রাসার ছাত্রাবাসে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় মো. নুরুন্নবী (৩০) নামে আরো এক যুবক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত আরো দু’জন চমেক হাসপাতালে মারা গেছেন। নিহত নুরুন্নবী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এখলাসপুর গ্রামের নুরুল হকের ছেলে। তিনি নগরীর বায়েজিদ থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত সোমবার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় নগরীর খুলশী থানায় বিস্ফোরক আইন ও এসিড নিয়ন্ত্রণ আইনে দু’টি পৃথক মামলা হয়। বিস্ফোরক আইনে করা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী ও তার ছেলে মুফতী হারুন বিন ইজহারসহ ১২ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়। এসিড নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মুফতী ইজহার ও মুফতী হারুনকে আসামি করা হয়। বিস্ফোরণের ঘটনায় চমেক হাসপাতালে দুইজন মারা যাওয়ার পর পুলিশ মুফতী ইজহার ও হারুনসহ সাতজনকে আসামি করে খুলশী থানায় খুনের মামলা দায়ের করে। ইতিমধ্যে বিভিন্ন মামলায় মুফতী হারুনসহ ৭ জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও মুফতী ইজহার পলাতক রয়েছেন।