এমনিতেই ভুলোমনা হবার জন্য বদনাম রয়েছে বাড়ির কর্তাদের। বাজারে গেলে এটা সেটা ভুলে যাওয়ার জন্য নানা সময়ে তাই গালমন্দও জোটে অনেকের কপালে। এ ছাড়া স্বামীদের ভুলে যাওয়ার তালিকায় গুরুত্বপূর্ণ বিভিন্ন তারিখ থেকে বিল জমা দেওয়ার কথা ভুলে যাওয়া পর্যন্ত বহু বিচিত্র জিনিসই আছে। কিন্তু তাই বলে কেউ যদি হানিমুন থেকে ফেরার পথে ভুলে যান তার স্ত্রী’র কথা তবে তাকে ক্ষমা করা সত্যিই দুষ্কর। আর ক্ষমার অযোগ্য এমনই এক মজার ঘটনা এবার ঘটেছে জার্মানিতে। ঘটনার বিবরণে জানা যায়, নাম প্রকাশ না করা এই দম্পতি মাত্র মাসখানেক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরিকল্পনামাফিক তারা তাদের হানিমুন করার জন্য ফ্রান্সেও গিয়েছিলেন। কিন্তু ফ্রান্স থেকে গাড়ি চালিয়ে জার্মানির বার্লিনে ফিরে আসার সময়ই বাধে বিপত্তি। দীর্ঘ পথ বলে বেশ কিছুটা সময় কথাবার্তা বলার পর পেছনের সিটে খানিকটা ক্লান্ত হয়েই ঘুমিয়ে পড়েছিলেন স্ত্রী। আর চালকের আসনে বসা স্বামী একমনে চালিয়ে যাচ্ছিলেন গাড়ি। পথে ব্যাড হার্সফিল্ড নামক একটি স্থানে রাস্তার পাশে থাকা গ্যাস স্টেশনে লাইন ধরেন তারা। উদ্দেশ্য বাকি পথ পাড়ি দেওয়ার জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ করা। এ সময় স্বামী গাড়ি থেকে নেমে যওয়বার পর স্ত্রী’ও পেছনের সিট থেকে উঠে গ্যাস স্টেশনের ওয়াশ রুমে যান। তবে ফিরে এসে দেখেন গাড়িসহ স্বামী হাওয়া। এদিকে ভুলোমনা স্বামী পেছনের সিটের দিকে একবারও না তাকিয়েই গাড়ি চালাতে থাকেন। প্রায় আড়াই ঘণ্টা পর পেছনের সিটে স্ত্রী’কে না দেখতে পেয়েই প্রথম টনক নড়ে তার। সাথে সাথে ফোন করেন পুলিশকে যারা তাকে জানান যে তার স্ত্রী তখনও তার জন্য ধৈর্য ধরে গ্যাস স্টেশনেই অপেক্ষা করছে!
