ছুটি শেষে কর্মস্থলে ফেরা নিয়ে শংকিত হয়ে বাস-ট্রেনের টিকেটের জন্য মরিয়া রংপুর অঞ্চলের কর্মজীবী মানুষ।
গত বুধবার থেকে রংপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ এবং শুক্রবার থেকে ঢাকা কোচ স্ট্যান্ডেও অগ্রিম টিকেট বিক্রি শুরু হযেছে। কিন্তু ঈদ পরবর্তী টিকেট এবারও চাহিদা মোতাবেক না পাওয়ায় বিপাকে পড়েছে কর্মজীবিরা।
জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গোত্সব উপলক্ষে বৃহস্পতিবার থেকে বানের স্রোতের মত এ অঞ্চলে এসেছে ঘরমুখো মানুষ। ২০ অক্টোবর কর্মস্থলে যোগ দেওয়ার লক্ষ্যে ফিরতি টিকেটের ভিড় জমছে। অধিকাংশ বাস-ট্রেনের টিকেট কালোবাজারে চলে যাওযায় হয়রানী বেড়ে গেছে। রংপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত সুপার মোজাম্মেল হক জানান, মানুষকে গন্তব্যে ফেরাতে ১৮ অক্টোবর থেকে আন্তঃনগর এক্সপ্রেসসহ অন্য ট্রেনগুলো চলাচল করবে। অভিযোগ উঠেছে, এবারও বাসের টিকেট নিয়ে শুরু হয়েছে নৈরাজ্য। প্রথমদিনেই শেষ হয়ে গেছে পরবর্তী ১০ দিনের টিকেট। যাত্রীরা পেয়েছে হাতে গোনা কিছু আসন। টিকেট নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট।
কাউন্টার ম্যানেজাররা তাতে প্রত্যক্ষভাবে জড়িত। সূত্র জানায়, শক্তিশালী ওই সিন্ডিকেট সদস্যরা হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকা।
