নির্মাণ ত্রুটির কারণে ধসে পড়লো ছাদ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:২৮
নিয়ম না মেনে তৈরি করায় ধসে গেছে পেট্রোল পাম্পের নির্মাণাধীন ভবনের ছাদ। অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৫০ নির্মাণ শ্রমিক। মালিককে কারণ দর্শানো নোটিস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। নকশার অনুমোদন না নিয়ে শুধুমাত্র নির্ধারিত স্থানে পাম্পের ভবন তৈরির অনুমোদন নিয়ে নাগেশ্বরীর পৌর এলাকার আশার মোড়ে কুড়িগ্রাম-নাগেশ্বরী আঞ্চলিক সড়কের পাশে নির্মাণ করা হচ্ছে পাম্প ও আবাসিক ভবন। পৌর কর্তৃপক্ষের উপস্থিতিতে কাজ করার কথা থাকলেও তাদের অনুপস্থিতেই কাজ চালিয়ে আসছে মালিকপক্ষ। নিয়মানুযায়ী ১০ ফুট উচ্চতার উপরে কোন ভবনের ছাদ ঢালাইয়ে শার্টারের খুঁটি হিসেবে কাঠ অথবা লোহার পাইপ ব্যবহার করার কথা থাকলেও ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি। বাঁশের খুঁটি ভার সইতে না পারায় বৃহস্পতিবার ৫০ জন শ্রমিক নির্মাণাধীন ভবনের ছাদের ঢালাই শেষে নেমে আসার কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ভবন ধসে যায়। পৌর প্রকৌশলী নুরুজ্জামান বলেন নিয়ম না মেনে পাম্প ও আবাসিক ভবন তৈরি করা হচ্ছিল। নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার খবর জানতে পেরে মালিককে কারণ দর্শানো নোটিস দিয়েছি।