বেতন-বোনাসের দাবিতে গাজীপুর জেলা সদরের নাওজোর এলাকায় ডটকম সোয়েটার কারখানার শ্রমিকরা সোমবার সকালে বিক্ষোভ করেছে। ওই দাবিতে তারা রবিবার থেকে কর্মবিরতি ও বিক্ষোভ করে। রবিবার রাতে কারখানায় ভাংচুর ও বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ কয়েকশ’ শ্রমিকের বেতন-বোনাস দিলেও টাকার যোগাড় না হওয়ায় গতকাল দুপুর পর্যন্ত বাকি ৭শ’ শ্রমিকের বেতন-বোনাস দিতে পারেনি।
অপরদিকে গাজীপুর সদর উপজেলার শিররচালা এলাকায় হাই ফ্যাশন কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা একই দাবিতে রবিবার থেকে কর্মবিরতি পালন করছে। রবিবার তারা কারখানার অভ্যন্তরে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার সকালে সাভারের আশুলিয়ায় লিবার্টি ফ্যাশনের শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে ও কারখানায় ভাংচুর চালিয়েছে।
এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
