রুশ তরুণ হত্যার জের

মস্কোয় অভিবাসীবিরোধী দাঙ্গা, গ্রেফতার সহস্রাধিক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২২:৩৪
রাশিয়ার রাজধানী মস্কোয় অভিবাসনবিরোধী দাঙ্গায় সহস্রাধিক গ্রেফতার করেছে পুলিশ। এক রুশ তরুণ হত্যার জের ধরে এই দাঙ্গার সূত্রপাত হয়। নাগরিকরা অভিবাসীদের খুঁজে খুঁজে মারধর করছে বলে অভিযোগ রয়েছে। খবর বিবিসির। অভিযোগ আছে এক মুসলিম অভিবাসী তরুণ মস্কোর বিরুলিয়োভোর জেলায় বান্ধবীর সামনেই ইয়েগর শাখারভ (২৫) নামের এক তরুণকে হত্যা করে। তাকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। পুলিশ হত্যাকারীর ছবি প্রকাশ করলেও তাকে খুঁজে পায়নি। রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, একটি সবজির বাজারে নাগরিকরা হামলা করছে এবং অভিবাসীদের খুঁজছে। এরপর পুলিশ তত্পর হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরাও গত রবিবার ব্যাপক বিক্ষোভ করে। দাঙ্গাকারীরা দোকানপাটের জানালা ভাংচুর করে, একটি গুদামঘর তছনছ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদের কেউ কেউ বর্ণবাদী স্লোগানও দেয়। অভিবাসীরা কাজ করে এমন এলাকার দোকানপাট ও প্রতিষ্ঠানগুলোতে তাণ্ডব চালায় তারা।