রংপুর ডিভিশন সাইক্লিষ্ট (আরডিসি)-এর মাউন্টেইন বাইক অভিযাত্রী মো. আবু আইয়ুব ও যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক শাহিদুর রহমান শাহিদের তিস্তা-দার্জিলিং অভিযানের জন্য রংপুর সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু পতাকা তুলে দিয়েছেন গত রবিবার। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল, ক্রোকারিজ ব্যবসায়ী সমিতি রংপুরের সভাপতি আলী হোসেন মোল্লা প্রমুখ।
দেশে এই প্রথমবারের মতো হিমালয়ের রানী ভারতের দার্জিলিং-এ মাউন্টেইন বাইক (পাহাড়ে আরোহণোপযোগী বাই-সাইকেল) দিয়ে বাইকিং করে সমতল পৃষ্ঠ থেকে ২১৩৪ মিটার উঁচুতে উঠবেন অভিযাত্রীরা। এ অভিযানে নেতৃত্ব দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন জাপানীজ স্ট্যাডিজ-এর শিক্ষার্থী ও আরডিসি প্রতিষ্ঠাতা মো. আবু আইয়ুব। অভিযানের প্রতিপাদ্য বিষয় ‘নদী বাঁচাও-প্রকৃতি বাঁচাও’।
নতুন প্রজন্মের সঙ্গে বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় সবাইকে উত্সাহিত করতেই এ অভিযান। তিস্তা নদী দার্জিলিং হয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্রে পতিত হয়েছে। অভিযানটি তাই নদীমাতৃক বালাদেশের তিস্তা নদীর পাড় থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত করা হবে।
