’ঈদুজ্জোহার চাঁদ হাসে, ঐ এল আবার দুসরা ঈদ ! কোরবানি দে, কোরবানি দে, শোন খোদার ফরমান তাগিদ’... জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কাব্য সুর মনপ্রাণ ভরিয়ে তুলছে ঈদের আনন্দ রোশনাইয়ে। মহান ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহত্ ধর্মীয় উত্সব ঈদুল আযহা আগামীকাল। আল্লাহ পাকের প্রতি অপার আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা।
ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে তিনদিনের সরকারি ছুটি শুরু হয়েছে। ঈদকে সামনে রেখে জাতীয় দৈনিকগুলো বিশেষ আয়োজনে বের হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, সব ক’টি বেসরকারি টিভি চ্যানেল ও এফএম রেডিও ঈদ উপলক্ষে কয়েকদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সমপ্রচার করছে। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। ফলে রাজধানী অনেকটা ফাঁকা হয়ে গেছে।
ঈদ উদযাপনে কোরবানির পশু কেনা অনেকেই সম্পন্ন করেছেন। বাকিরা পশু কিনতে ছুটছেন এক হাট থেকে আরেক হাটে। জাতীয় ঈদগাহে প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদের দিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপসমূহে জাতীয় ও ঈদ মোবারক খচিত পতাকা দিয়ে শোভিত করা হবে। পাশাপাশি সকল সরকারি-বেসরকারি ভবনেও জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা উত্তোলন করা হবে।
ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল কারাগার, সরকারি হাসপাতাল, ভবঘুরে কেন্দ্র, বৃদ্ধাশ্রম ও শিশু ও মাতৃসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আজ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও আমন্ত্রিত অতিথিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঢাকা সিটি করপোরেশন থেকে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
