আগামী ২৫ অক্টোবর রাজধানীতে সমাবেশে হামলা হলে সশস্ত্রভাবে তা প্রতিরোধের জন্য দা-কুড়াল-বল্লম ও লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত থাকার জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। আর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর মাত্র সাত দিন আছে। ২৫ অক্টোবরের পর চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলা হয়ে গেছে। এবার ফাইনাল রাউন্ডের খেলা। এই খেলায় আমাদের জিততেই হবে এবং সরকারের পতন ঘটাতেই হবে। গতকাল সোমবার ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় তারা এসব কথা বলেন।
রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সাদেক হোসেন খোকা বলেন, ২৫ তারিখ আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আমরা দেশে কোনো অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে চাই না। সরকারকে স্পষ্টভাষায় বলে দিতে চাই, শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করা হলে আমরা বসে থাকব না। আওয়ামী লীগ যদি ২০০৭ সালের মতো লগি-বৈঠা নিয়ে মানুষ হত্যার মতো এবারো কাজ করে, তাহলে ছাড় দেয়া হবে না। শক্ত হাতে আমরা এর জবাব দেব। পাড়ায়-মহল্লায় নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালালে তার পাল্টা জবাব দেয়া হবে। দা-কুড়াল-বল্লম-লাঠিসোঁটাসহ যা কিছু আছে, তাই নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
দলীয় কর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক বলেন, আমরা আগে আক্রমণ করব না। যদি আওয়ামী লীগ মানুষ হত্যার জন্য কিছু নিয়ে আসে, তাহলে যে কোনোভাবে তাদের মোকাবিলা করতে হবে। সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভীত সন্ত্রস্ত হয়ে সংসদের মেয়াদ বাড়াতে কৌশল নিচ্ছে। কারণ, তারা জানে- সংসদের মেয়াদ শেষ হলে সারা দেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, ফাইনাল রাউন্ড খেলার সময় মাত্র সাত দিন। এর মধ্যেই সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। এর বিকল্প নেই। এই খেলায় আমরা জিততে না পারলে টিকে থাকা যাবে না। ব্যর্থ হলে জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।
২৫ অক্টোবর সমাবেশে বাধা আসতে পারে-এমন আশঙ্কা করে বিএনপির মুখপাত্র বলেন, বাধা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে, সমাবেশ সফল করতে হবে। তারপর খালেদা জিয়া যে কর্মসূচি দেবেন, ঐক্যবদ্ধভাবে তা শতভাগ সফল করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা বারবার চেষ্টা করেছি শান্তিপূর্ণভাবে ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার। কিন্তু সমঝোতার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না বলেই সরকার সংলাপে বসেনি। তিনি বলেন, সরকার জঙ্গিবাদের অপবাদ দিয়ে বিদেশিদের বুঝাতে চায় বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে।
উল্লেখ্য, ২৫ অক্টোবরের জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে। ওই সভা সফল করতে গতকাল প্রস্তুতিমূলক এই যৌথসভা হয় ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ে।
