জানুয়ারির মাঝামাঝি নির্বাচন

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২২:৪৭
সরকারের মেয়াদ শেষের সাত থেকে দশদিন আগে নির্বাচন করার চিন্তা-ভাবনা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দলের কার্যনির্বাহী কমিটির সভার একদিন পর গতকাল সোমবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং কেন্দ্রীয় নেতা আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিবিসিকে এ কথা জানিয়েছেন। আইন প্রতিমন্ত্রী বলেন, ‘মেয়াদ শেষের পাঁচ-সাতদিন বা সাত-দশদিন আগে নির্বাচন হতে পারে....সেই টার্গেট নিয়েই আমাদের মধ্যে চিন্তা-ভাবনা চলছে।’ নির্বাচনের মাস দেড়েক আগে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর নির্বাচন করতে ৪৫ থেকে ৫০ দিনের বেশি লাগে না।’ মতিয়া চৌধুরী বিবিসিকে বলেন, ‘সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ এখন নির্বাচনের পথে ... আমরা মানুষের কাছে ভোট চাইছি।’ তিনি আরো বলেন, ‘কোন দল নির্বাচনে এলো না এলো সেটা বড় কথা নয়, নির্বাচনে জনগণের অংশগ্রহণই বড় কথা।’ সংবিধান মতে, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের তিন মাসের মধ্যে যে কোন সময় নির্বাচন হতে হবে। আর আগামী ২৪ জানুয়ারি বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। সে অনুযায়ী, ২৪ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে সরকারকে নির্বাচন করতে হবে; যদিও প্রধান বিরোধী দল বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। তবে আওয়ামী লীগের দুই নেতাই ইঙ্গিত দিয়েছেন, বিরোধী দলের নির্বাচন বয়কট বা নির্বাচন প্রতিরোধের হুমকি নিয়ে তারা ভাবছেন না। এদিকে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুই নেতা যে ইঙ্গিত দিয়েছেন, সে ব্যাপারে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলেন, ‘জনগণ সে ধরনের নির্বাচন প্রতিহত করবে।’