তালেবান হামলার শিকার পাকিস্তানের কিশোরী নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হবে। দেশটির সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
মালালার আগে মাত্র ছয়জন ব্যক্তি কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছেন। তারা হলেন: সুইডিশ কূটনীতিক রাউল ওয়ালেনবার্গ, নেলসন ম্যান্ডেলা, দালাইলামা, অং সান সুচি এবং আগা খান। ২০১২ সালের ৯ অক্টোবর পাকিস্তানে স্কুলবাসে উঠে মালালার মাথায় গুলি করে তালেবান জঙ্গিরা। তালেবান-বিরোধী বক্তব্য ও লেখালেখি এবং নারীদের স্কুলে যাওয়ার অধিকারের পক্ষে সোচ্চার হওয়ার জন্যই মালালা তালেবান গোষ্ঠীর হামলার শিকার হন।
গুরুতর আহত অবস্থায় মালালাকে উন্নত চিকিত্সার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে যুক্তরাজ্যেই বসবাস করছেন তিনি এবং সেখানকার স্কুলে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
