ঠাকুরগাঁও-৩ আসনে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩৪
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ তত্পরতা লক্ষ্য করা যাচ্ছে। এ আসনে জাতীয় পার্টির (এ) একজন আওয়ামী লীগের ৬ জন ও বিএনপির ১ জন সম্ভাব্য প্রার্থী গণসংযোগ করে চলেছেন। বিগত ঈদুল-ফিতর উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাস্তায় রাস্তায় ও গুরুত্বপূর্ণ স্থানে পোষ্টার, ব্যানার লাগানো হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান মহাজোটের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ গ্রামেগঞ্জে ব্যাপক গণসংযোগের পাশাপাশি কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য তিনি এলাকায় ব্যাপক সফরও করছেন। প্রতিদ্বন্দ্বী মহাজোটের অপর প্রার্থী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ইমদাদুল হকও বসে নেই। তিনিও সারা রমজান মাস জুড়ে ইফতার পার্টির অন্তরালে গ্রামে গ্রামে গণসংযোগ করেছেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও ডিএন ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ও গণসংযোগ করে চলেছেন। রাণীশংকৈল উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাতোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, রানীশংকৈল উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটাও নির্বাচনী এলাকা জুড়ে পোষ্টারিং করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্নাকেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে গণসংযোগ করতে দেখা গেছে। ১৮ দলীয় জোটের স্থানীয় নেতা উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদও রমজান মাস থেকে গণসংযোগ করে চলেছেন।