নরসিংদীতে হামলায় ৩ জন গুরুতর আহত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৫৭
সাউন্ড বক্সের বিকট শব্দ বন্ধ করতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ৩ জন গুরুতর আহত হয়েছে। নরসিংদী সদর উপজেলার মাধবদীর আলগী খোচপাড়া গ্রামে ঈদের দিন রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ঐ গ্রামের আব্দুস সাত্তারকে বিকট শব্দে সাউন্ড বক্স বাজানোর জন্য গ্রামবাসীর পক্ষ থেকে নিষেধ করা হয়। কিন্তু তিনি গ্রামবাসীদের নিষেধ অমান্য করে আরো জোরে সাউন্ড বক্স বাজাতে থাকেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সাউন্ড বক্সটি বন্ধ করে দেয়। এসময় সাত্তারের লোকজন ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এতে মোঃ কামরুল ইসলাম, আরিফ হোসেন ও মোঃ রাহিম হোসেন গুরুতর আহত হয়। তাদের রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঈদের পরের দিন গ্রামবাসীরা সাত্তারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।