শীতকালীন সবজি ক্ষেতসহ নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৫৭
গত সোম ও মঙ্গলবার টানা দুইদিনের প্রবল বর্ষণে দিনাজপুরের ফুলবাড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে আলুসহ শীতকালীন সবজি ক্ষেত। পানি সরে যাওয়ার পর যেটুকু ফসল রক্ষা পাবে তা দিয়ে আবাদ খরচও উঠবে না বলে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। শুক্রবার সকালে সরেজমিন উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকা ঘুরে দেখা গেছে, ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ঐ এলাকার আলু ক্ষেতসহ সবজি ক্ষেতগুলো এক থেকে দেড় ফুট পানির নিচে তলিয়ে গেছে। রাজারামপুর পূর্বপাড়া গ্রামের আলুচাষি মহিদুল ইসলাম বলেন, জমিতে আলুর বীজ রোপণ করার ৩ দিনের মধ্যে ভারী বর্ষণের কারণে আলুর ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ৩ বিঘার আলু ক্ষেত নষ্ট হওয়ায় এতে তার ক্ষতি হয়েছে ২৫ হাজার টাকা। একই গ্রামের মজিদ মন্ডল বলেন, ৫ বিঘা আলু ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় তার ক্ষতি হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। উপজেলার দৌলতপুর ইউনিয়নের পলীপাড়া গ্রামের নৃপেন্দ্র নাথ ও গোয়ালপাড়া গ্রামের পরীক্ষিত চন্দ্র রায় বলেন, শীত মৌসুমে আগাম জাতের সবজি চাষ করে কিছু বেশি লাভের আশায় ছিলেন। কিন্তু দুই দিনের বর্ষণে তাদের আশায় বালি পড়েছে। লাভ তো দূরের কথা, এখন খরচের টাকাই উঠবে না। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, দুইদিনের প্রবল বর্ষণে উপজেলার যেসব এলাকা প্লাবিত হয়েছে, সেইসব এলাকার সবজি ক্ষেতগুলোর একটু ক্ষয়ক্ষতি হবে। তবে সরেজমিন পরিদর্শন না করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাবে না।