বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উত্সবের প্রস্তুতি

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২২:১৪
প্রবারণা পূর্ণিমা নিয়ে এলো বৌদ্ধ সমপ্রদায়ের কঠিন চীবর দানোত্সবের বার্তা। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত পার্বত্য জনপদের বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোতে পালন করা হবে ঐতিহ্যবাহী এই দানোত্সব। এ সময় পাহাড়ে রাতের আকাশে ভেসে বেড়াবে ফানুস বাতির আলোকসজ্জা। কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার, যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা (ভাদ্র মাসের পূর্ণিমা) উদযাপনের এক মাসের মধ্যে যে কোন সুবিধাজনক সময়ে পালন করা হয়। আর এ অনুষ্ঠানকে ঘিরে এখন তিন পার্বত্য জেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে পরিনির্বাণ লাভি সাধনা নন্দ মহাস্থবীর (বনভান্তে) অনুসারীরা রাঙ্গামাটিসহ বিভিন্ন উপজেলার বন বিহারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্ব-স্ব বিহার পরিচালনা কমিটির সভাপতিরা। প্রসঙ্গত, কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য মাত্র ২৪ ঘন্টায় অর্থাত্ এক দিনের ভিতর ত্রি-চীবর (চার খন্ডের পরিধেয় বস্ত্র) নামে বিশেষ পোশাক তৈরী করা হয়। এই পোশাক অনুষ্ঠানের দিন নানা ধর্মীয় অনুষ্ঠানিকতার মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুদের হাতে তুলে দেয়া হয় ।