কোষ্টগার্ডের উপর হামলা

চরফ্যাশনে আটক ৩৯ জনকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জেলেরা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৩৭
চরফ্যাশনের কচ্চপিয়া ঘাটে কোস্টগার্ডের সদস্যদের মারধর করে আটক ৩৯ জেলেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জেলেরা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। অপর দিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরার সময় আটক ৬ জেলের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. রেজাউল করিম। দণ্ডিত জেলেরা হচ্ছেন- ইউসুফ, ইউনুস, মোসলে উদ্দিন, ইউসূফ, আলী আজগর এবং নয়ন। জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চরকুকরী ও ঢালচর সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে ৪টি ট্রলার এবং ৪ হাজার মিটার জালসহ ৪৮ জেলেকে আটক করে কোষ্টগার্ড। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করার আগে সকালে আটক এসব জেলেদের কচ্ছপিয়া ঘাটের হেলাল উদ্দিনের আড়তে রাখা হয়। কচ্চপিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন আটক জেলেদের দেখতে হেলাল উদ্দিনের আড়তে ঢুকলে কোষ্টগার্ড সদস্যরা বাধা দেয় এবং এক পর্যায়ে কোষ্টগার্ড সদস্যরা ফারুক হোসেনকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্রে করে কচ্ছপিয়া ঘাটের জেলে ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে কোষ্টগার্ড সদস্যদের উপর হামলা করে। হামলাকারীরা কোষ্টগার্ড সদস্যদের মারধর করে আটক ৩৯ জেলেকে ছিনিয়ে নিয়ে যায়। দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোষ্টগার্ড সদস্যদের উদ্ধার এবং আটক ৯ জেলেকে নিজেদের হেফাজতে নেয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম ঘটনাস্থলে যান। কচ্ছপিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, স্থানীয় জেলেরা হামলা করে আটক জেলেদের ছিনিয়ে নিয়ে গেছে। কোষ্টগার্ডের কচ্চপিয়া স্টেশনের দায়িত্বরত প্যাটি অফিসার আব্দুর রহমান জানান, আটক জেলেদের পুলিশে সোপর্দ করার প্রস্ততিকালে হামলা ও ছিনতাইর ঘটনা ঘটে।