ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতি

গাইবান্ধা সরকারি কলেজের পাঁচ শিক্ষক বরখাস্ত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৩৭
গাইবান্ধা সরকারি কলেজে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ছাত্র ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে পাঁচ কলেজ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন এস এম আশাদুল ইসলাম (বর্তমানে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক), মো. আব্দুল রশিদ (বর্তমানে দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক), বৃন্দাবন সরকার (বর্তমানে টাঙ্গাইলের কুমুদিনি সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক), মো. শহীদুল ইসলাম (বর্তমানে রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক) এবং মো. মোস্তাফিজুর রহমান (বর্তমান ঈশ্বরদি সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক) । গাইবান্ধা সরকারি কলেজ সূত্রে জানা গেছে, ২০১০-২০১১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ৮৮ জন শিক্ষার্থী ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি দুর্নীতি দমন বিভাগ পর্যন্ত গড়ায়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে দুদক উপ-পরিচালক মলয় কুমার সাহা ২০১২ সালে গাইবান্ধা থানায় মামলা করেন। প্রাথমিকভাবে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় আদালতে চার্জশিট দেয়া হয় গত জুনে। এই প্রেক্ষপটে গত আট অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে পাঁচ শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।