সরকার নির্বাচন নিয়ে লুকোচুরি করছে

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২২:৩৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেঃ জেনাঃ (অবঃ) আ স ম হান্নান শাহ বলেছেন, সরকার নির্বাচন নিয়ে লুকোচুরি করছে। সরকার চায় বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে একটি এক তরফা নির্বাচন করতে। তিনি বলেন, সরকার যতই বাধা সৃষ্টি করুক, ২৫ অক্টোবরের সমাবেশ আমরা করবোই। তিনি নেতাকর্মীদের সরকার হটাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়ার আহবান জানান। হান্নান শাহ গতকাল শুক্রবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় আমরাইদ বাজারে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি সকল দলের অংশগ্রহণে যাতে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়, তার জন্য হানাহানির পথ পরিহার করে সমঝোতার পথে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান। রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপি নেতা করিম বেপারী, কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান দিলু প্রমুখ।