ঈদের পর দুইদিন অতিবাহিত হয়ে গেলেও রাজধানী ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। যান্ত্রিক যানবাহনের ভিড় না থাকায় নগরীর প্রধান সড়কগুলোতে অবাধে চলছে রিকশা। বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়। হাতিরঝিল এলাকা, জাতীয় সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান, শিশু পার্ক, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনসহ প্রতিটি দর্শনীয় স্থানে দর্শনার্থীদের সরব পদচারণা। নগরীর বিপণী-বিতানগুলো এখনো বন্ধ রয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সরকারি ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর গতকাল শুক্রবার ও আজ শনিবার সাপ্তাহিক সরকারি ছুটির দিন। তবে আজ থেকে বেসরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আংশিকভাবে সচল হতে পারে। সে কারণে গতকাল ট্রেন, সড়ক পথ ও নৌপথের যানবাহনগুলোতে ঢাকামুখী যাত্রীর কিছুটা চাপ লক্ষ্য করা গেছে।
ঢাকায় ফিরে আসা যাত্রীদের মধ্যে কেউ কেউ বলছেন, সম্ভাব্য রাজনৈতিক অনিশ্চয়তার কারণে তারা একটু আগেভাগেই রাজধানীতে ফিরছেন। তবে অধিকাংশই আসছেন একা। স্ত্রী-সন্তানদের রেখে আসছেন বাড়িতে। কুমারখালির ইমরাত আলী মোল্লা ঈদ করতে বাড়ি গিয়েছিলেন সপরিবারে। কিন্তু গতকাল বেলা সাড়ে ৩টার দিকে গাবতলী বাস টার্মিনালে এসে নামলেন একা। নগরীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি অফিসে হিসাব রক্ষকের চাকরি করেন। তার অফিস খুলবে রবিবার। কিন্তু সম্ভাব্য রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় একদিন আগেই ঢাকায় ফিরেছেন তিনি। পরিবারের অন্যদের বাড়িতেই রেখে এসেছেন। প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বললেন, দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়। বড় গোলমাল না হলে দিন দশেক পরে স্ত্রী-সন্তানকে নিয়ে আসবো।
এদিকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের পাঁচটি স্থান থেকে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহকারীরাও গতকাল থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন। এসব অগ্রিম টিকিটধারী যাত্রী ঢাকামুখী আন্তঃনগর ট্রেনসমূহে ভ্রমণ করতে পারবেন আগামী ২২ অক্টোবর পর্যন্ত । এছাড়া যাত্রীদের ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক স্ট্যান্ডিং (দাঁড়িয়ে ভ্রমণ) টিকিটও ইস্যু করা হবে বলে জানিয়েছেন রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা। তিনি বলেন, ঈদের আগের কয়েকদিনের মতো এ পর্যায়ে ফিরতি যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনে একাধিক বিশেষ ট্রেনও চালানো হতে পারে।
ঢাকামুখী যানবাহনের চাপ কিছুটা বাড়ায় গতকাল শুক্রবার দুপুরের পর দৌলতদিয়া ফেরি ঘাটে হালকা যানজটের সৃষ্টি হয়। ঘাটে পৌঁছানো যাত্রীবাহী বাসগুলোকে ফেরিতে উঠতে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে জানা যায়। তবে পাটুরিয়া ঘাটে কোনো যানজট ছিল না।
