ঈদুল আজহার ছুটির মধ্যে গত তিনদিনে রাজধানীতে পৃথক ৪ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে হাজারিবাগ বালুর মাঠ বস্তিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ৪ শতাধিক ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় অনেক ঘরই তালাবদ্ধ ছিল। এছাড়া একই দিন সকালে পুরানো ঢাকার ইসলামবাগ বাগানবাড়িতে একটি প্লাস্টিক সামগ্রীর গুদামে আগুন লাগে। এর আগে বুধবার রাতে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আর গত মঙ্গলবার বিকেলে ভারতীয় হাইকমিশনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে একটি এয়ার কন্ডিশনার ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বালুর মাঠ বস্তির একটি ঘর থেকে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে ওই গুদামে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। গুদামগুলোতে খেলনাসহ বিভিন্ন প্ল¬াস্টিক সামগ্রী মজুদ করা ছিল। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনে বাগানবাড়ি লবণের কারখানা সংলগ্ন ১০ থেকে ১২টি গুদাম পুরোপুরি পুড়ে গেছে।
এর আগে গত বুধবার রাত আড়াইটায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের তৃতীয় তলার একটি মেশিন রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলে অবস্থানরত অতিথি ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, তৃতীয় তলার ১০০/৬০ ফুট দৈর্ঘ্যের ঐ মেশিন রুমের একটি ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কয়েকটি মেশিন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানে ভারতীয় হাইকমিশনের ৬ তলা ভবনের পাঁচ তলার অফিসে এয়ার কন্ডিশনার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কক্ষের একটি এয়ার কন্ডিশনার, একটি ল্যাপটপ ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
