লক্ষ্মীপূজা উদযাপিত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:০৩
উত্সবমুখর পরিবেশে গতকাল শুক্রবার সারাদেশে লক্ষ্মী পূজা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তর এই ধর্মীয় উত্সবকে ঘিরে সারাদেশের মন্দির ও মণ্ডপের পাশাপাশি হিন্দুদের ঘরে ঘরে নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এদিন লক্ষ্মী পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়। পূজা-অর্চনার পাশাপাশি ঘর-বাড়ির আঙিনায় আঁকা হয় লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা। সন্ধ্যায় মন্দির ও মণ্ডপে মণ্ডপে বিশেষ আলোকসজ্জা করা হয়। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সন্ধ্যা ৭টায় পূজা অনুষ্ঠিত হয়। এরপর ভক্ত ও পূজারীরা সেখানে অঞ্জলি প্রদানে অংশ নেন। রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দিরেও ছিল অনুরূপ কর্মসূচি। এছাড়া রাজধানীর রামসীতা মন্দির, পঞ্চানন্দ শিব মন্দির, গৌতম মন্দির, রাধা মাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন মন্দির এবং পুরনো ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকায় ঘরোয়া পরিবেশে লক্ষ্মী পূজার বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।