বাগেরহাটের রামপালে শেখ সিরাজুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যার পর তার স্ত্রী হালিমা বেগম (৩২) কেরোসিন পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। শুক্রবার ভোরে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় হালিমাকে চিকিত্সার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ প্রহরায় তাকে চিকিত্সা দেয়া হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মনে করছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন মুঠোফোনে জানিয়েছেন, শুক্রবার ভোর ছয়টার দিকে ঘুম থেকে উঠে হালিমা বেগম তার চার বছর বয়সী মেয়ে জান্নাতকে ঘরের বারান্দায় ভাত খেতে দিয়ে বটি নিয়ে ঘুমিয়ে থাকা স্বামী সিরাজুলকে জবাই করে হত্যা করে। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়।
নিহত সিরাজুল রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের শেখ বেলায়েত হোসেনের ছেলে, পেশায় দিনমজুর। এই দম্পতির শেখ সোহেল (১২) নামে একটি ছেলে ও জান্নাত (৪) নামে একটি মেয়ে রয়েছে।
