তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ২৪ অক্টোবরের পর সরকার উত্খাতের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। দেশে ভয়ংকর-অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে বিরোধী দলের অপচেষ্টা সফল হবে না। মানুষ বোকা না—যা ভাবছেন তা হবে না। ঈদের আগের দিন গত মঙ্গলবার জেলার ভেড়ামারা প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২৪ অক্টোবরকে কেন্দ্র করে সরকারের বা দেশের রাজনীতির কোনো পরিবর্তন হবে না। সাংবিধানিকভাবে এ সরকার বৈধ আছে। নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত সরকার সংবিধান সম্মতভাবে নির্বাহী ক্ষমতা ভোগ ও প্রয়োগ করবে। বিএনপির তারেক-কোকো, বাংলা ভাই, তেতুল হুজুর, তালেবানি রাজত্ব কায়েমের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন—ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সহকারী পুলিশ সুপার সি এ হালিম, প্রবীণ সাংবাদিক ডা. এ কে এম কাওছার হোসেন, অধ্যাপক আমিরুল ইসলাম, ফারুক আহমেদ পিনু, ওয়াহিদ আহমেদ উজ্জল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন।
প্রধানমন্ত্রীর ভাষণকে
স্বাগত জানিয়ে কুষ্টিয়ায়
জাসদের মিছিল
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষনকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের উদ্যোগে তাত্ক্ষনিকভাবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ভাষন শেষ হওয়ার পর পরই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলা জাসদ কার্যালয় থেকে শুরু হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জাসদ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা যুবজোটের সভাপতি আফতাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জাসদ নেতা রায়হান মেম্বর, মিজানুর রহমান মেম্বর, সাইদুর রহমান মন্টু, আজাম্মেল হক, ডা. মাসুদ, ছাত্রনেতা রুপেন ঘোষ, ফরহাদ, উজ্জ্বল হোসেন, আলী হোসেন, জিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর ভাষনকে সময় উপযোগী বলে আখ্যা দেন। একই সঙ্গে আশা প্রকাশ করা হয়, বিরোধী দল হিংসাত্বক পথ পরিহার করে সংবিধান অনুয়ায়ী নির্বাচনে অংশ নেবে।
