রাজধানীতে নাশকতার আশংকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নয়াপল্টনে বিএনপি’র দলীয় অফিস ঘিরে তিন দিন ধরে মোতায়েন করেছে অতিরিক্ত পুলিশ। অপর দিকে গতকাল শুক্রবার বিকালে পুলিশের ট্রাফিক বিভাগ পল্টন ও আশপাশ এলাকায় গাড়ি পার্কিং না করার নির্দেশ দিয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় গতকাল থেকে পুলিশের পাশাপাশি র্যাবের টহলও বাড়ানো হয়েছে।
গতকাল সকাল থেকেই পল্টন এলাকার মোড়ে মোড়ে পথচারি ও সন্দেহভাজনদের তল্লাশি করে পুলিশ। বিশেষ করে জুমার নামাজের পরপরই নিরাপত্তা আরো বাড়ানো হয় । এর আগে বৃহস্পতিবার প্রায় দিনভরই পল্টন বিএনপি অফিসের সামনে পুলিশ অবস্থান নেয়। ফলে গ্রেফতার এড়াতে অনেক নেতাকর্মীরাই দলীয় কার্যালয়ে যাননি।
এ ব্যাপারে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মেহেদী হাসান বলেন, বিএনপি অফিসের নিরাপত্তায় সব সময়ই কমবেশি পুলিশ মোতায়েন রাখা হয়। অতিরিক্ত কোন পুলিশ মোতায়েন করা হয়নি। বরং যে পরিমাণ ফোর্স ছিল তা কিছুটা কমানো হয়েছে।
মহানগর পুলিশের একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন, আগামী ২৫ অক্টোবর ১৮ দল নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে গোয়েন্দারা তথ্য দিয়েছে। এ কারণেই আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি কেউ যেন নাশকতা চালাতে না পারে সে ব্যাপারে পুলিশ কাজ করে যাচ্ছে। পুরো এলাকায় গোয়েন্দা নজরদারি চলছে। এ ব্যাপারে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশের সম্ভাব্য গণগ্রেফতার এড়াতে বিএনপিসহ ১৮ দলের অনেক শীর্ষ নেতা এমনকি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা সতর্কভাবে চলাফেরা করছেন। অনেকেই রাতে তাদের বাড়িতে অবস্থান করছেন না। মোবাইল ফোনে কথোপথন করছেন অত্যন্ত সতর্কতার সাথে। তবে শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি’র কোন শীর্ষ নেতা গণগ্রেফতারের শিকার হননি। এদিকে, শুক্রবার বিকালে ডিবি পুলিশ যুবদল ঢাকা মহানগর (উত্তর) সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেনের উত্তরার বাসায় অভিযান চালিয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র যুগ্ম কমিশনার ( গোয়েন্দা) মনিরুল ইসলাম বলেন, যে কোন ধরনের নাশকতা রোধে যেমন থানা পুলিশ সচেষ্ট তেমননি গোয়েন্দা পুলিশও কাজ করে যাচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানান, শুক্রবার বিকালে নয়াপল্টন এলাকায় সব ধরনের যানবাহন পার্কিং করা বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরো জানান, বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পার্কিং করা গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভয়াবহতা সৃষ্টি হয়। এ কারণে সব ধরনের গাড়ি পার্কিং বন্ধ করে দেয়া হয়েছে।
খোকাকে খুঁজছে গোয়েন্দা পুলিশ ঃ সরকারকে হুমকি দিয়ে বক্তব্য দেয়ার পর থেকে বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে ধরতে পুলিশ তার গোপীবাগ ও গুলশানের বাড়িতে অভিযান চালায়। গত সোমবার নয়া পল্টনে মাওলানা ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক সভায় সাদেক হোসেন খোকা বলেন, ‘দা-কুড়াল-বল্লম-লাঠি সোটাসহ যা কিছু আছে তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’ এই বক্তব্যের প্রেক্ষিতে সোমবার রাতে ডিবি পুলিশ গুলশানে খোকার বাড়িতে অভিযান চালায়। মঙ্গলবার সকাল ১১ টার দিকে খোকার গোপীবাগে বাড়িতেও অভিযান চালায়। তবে খোকাকে পাওয়া যায়নি বলে পুলিশ দাবি করে। এ ব্যাপারে যুগ্ম কমিশনার (ডিবি) বলেন, সময় মত খোকা আবার ফিরে আসবেন। আর তার বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘আমার ধারণা তিনি দা-কুড়াল বানানোর জন্য কোন গোপন জায়গায় গেছেন, ফিরে আসবেন সময় মত।’
