ড. ইউনূসের বক্তব্য দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত :নানক

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২৩:১১
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র রুখে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫০তম জন্মদিন পালিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাদ মাগরিব বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে তাঁর ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত। গণতান্ত্রিক রাজনীতিতে উন্মাদনার কোনো স্থান নেই। দেশের চলমান সকল সংকট প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার চট্টগ্রামের লেডিস ক্লাবে এক নারী সমাবেশে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে আনার সরকারি উদ্যোগের কঠোর সমালোচনা করেন। গ্রামীণ ব্যাংকের উপর কেউ হাত দিলে সেই হাত ভেঙ্গে দেয়ার জন্যও নারীদের প্রতি আহ্বান জানান ড. ইউনূস। শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণের সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংদসের সদস্য সুজিত রায় নন্দী, একেএম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক আলী শিকদারের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ। পরে সেখানে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সারাদিনব্যাপী কোরানখানি এবং বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।