টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিনজারপুর বাজারে অবৈধ যাত্রা ও জুয়া হাউজি বন্ধে অভিযান চালাতে গিয়ে শুক্রবার রাতে ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জুয়াড়িদের হামলায় আহত হয়েছেন। তাকে মধুপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। ধনবাড়ি থানা পুলিশ জানায়, বলিভদ্র ইউপি মেম্বার হাবিব মিয়ার নের্তৃত্বে প্রভাবশালীরা ইসপিনজারপুর নতুন বাজারে অবৈধ যাত্রা ও জুয়াহাউজির আয়োজন করে। ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ঐ অবৈধ জুয়াহাউজি বন্ধে অভিযান চালাতে গেলে আয়োজকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশের লাঠিচার্জে ৫০ জন যাত্রা দর্শক আহত হয়। পরে ইউপি মেম্বার হাবিব মিয়ার নেতৃত্বে জুয়াড়িরা পাল্টা হামলা চালায়। পুলিশ ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অবৈধ জুয়াহাউজি বন্ধ করতে গেলে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। ধনবাড়ি থানায় মামলা হয়েছে। পুলিশ মধু মিয়া আসে এক জুয়াড়িতে গ্রেফতার করেছে।
