দীর্ঘ ঝুলন্ত সেতু

আপডেট : ১৯ মে ২০১৯, ১৮:২৬

সুন্দর এই পৃথিবীতে মানুষও কত চমক দেখাতে জানে সেটা হয়তো ভেবে বলাটা মুশকিল! পৃথিবীকে আরও বিস্ময়কর করে তুলতে প্রতিদিনই নতুন নতুন জিনিস আবিষ্কার করছে মানুষ। মানুষ জানিয়ে দিচ্ছে তাদের স্বপ্ন আকাশ ছোঁয়ার। তার প্রমাণ আবার মিললো সুইজারল্যান্ডে। শুনলে অবাক হতে পারেন, সুইজারল্যান্ডের জেরমাট শহরে পায়ে হেঁটে চলাচলের জন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু উদ্বোধন করা হয়েছে। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার বা আধা কিলোমিটার। সেতুটির নাম অয়রোপাব্রুকে বা ইউরোপের সেতু। গ্রাবেনগোফ্যের সংকীর্ণ এক উপত্যকার ৮৫ মিটার উচ্চতায় এই সেতুটি ঝুলছে। জেরমাটে পর্যটন কর্তৃপক্ষ বলছে, এই সেতু বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এর আগে সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুটি ছিল অস্ট্রিয়ায়, মাটি থেকে ১১০ মিটার ওপরে। এই সেতুটি ৪০৫ মিটার লম্বা।

এর আগে জেরমাটে আরেকটি সেতু ছিল। সেটি ওপর থেকে ছিটকে পড়া পাথরে ধ্বংস হয়ে গেলে সেখানে নতুন করে এই সেতুটি বানানো হয়েছে। জেরমাটের নতুন সেতুটি যেসব রজ্জু দিয়ে বানানো হয়েছে তার ওজন প্রায় ৮ টন। লোকজনের চলাচলের সময় এটি যাতে দুলে উঠতে না পারে সেভাবেই এটিকে তৈরি করা হয়েছে।