নয়ন জুড়ানো নগর!

আপডেট : ১৯ মে ২০১৯, ১৮:২৭

আমাদের পৃথিবীটা কতই না সুন্দর! ঘর থেকে বের হলে সেটা বোঝা যায়! কোথাও সমতল ভূমিতে আচ্ছন্ন, কোথাও বা পাহাড়-পর্বতে ভরপুর, আবার কোথাও বিভিন্ন সাগর-মহাসাগরের জলে ডুবন্ত। বৈচিত্র্যে ভরপুর এই পৃথিবীটা আশ্চর্য সুন্দর। সমস্ত পৃথিবীতে সৌন্দর্যের দিক থেকে এগিয়ে থাকা কয়েকটি শহরকে নিয়েই আমাদের আজকের আয়োজন। লিখেছেন—

কারিন ফারাহ

ভেনিস

বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটি ভেনিস। ভেনিসের প্রতিটি দালান এক একটি শিল্পকর্ম বহন করে। প্রথম দেখাতেই যে কারও মনে হবে এত অবাস্তব শহর! প্রতিবছর লাখ লাখ মানুষ এই নগরী দর্শন করতে আসেন। দর্শনার্থীরা এর ইতিহাস, শিল্প, ফ্যাশন ও খাবার-দাবার সম্পর্কে জানতে চান। মোহনীয় ও রোমান্টিক নগরী হিসেবে সকল পর্যটকের ভ্রমণের তালিকার শীর্ষে রয়েছে ভেনিস নগরী। রহস্যময় অলিগলিগুলো ভেনিস নগরীকে করে তুলেছে ‘সিটি অব লাভ অ্যান্ড লাইটস’ অর্থাত্ ‘ভালোবাসা ও আলোর নগরী’। ১১৮টি দ্বীপ নিয়ে গঠিত ভেনিস নগরীর দ্বীপগুলো সেতু দিয়ে পরস্পরের সাথে সংযুক্ত। তাই এটাকে ভাসমান নগরীও বলা হয়।

কো সামুই

থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ পুকেতের পরই এর স্থান। দ্বীপের মোট আয়তন ২২৮ বর্গকিলোমিটার। দ্বীপটি গোলাকৃতির, আর এর চারদিক দিয়ে ৪৫ কিলোমিটার মেরিন ড্রাইভের জন্য রাস্তা আছে। আপনি ইচ্ছে করলে বাইক ভাড়া নিয়ে পুরো দ্বীপ ঘুরে সৌন্দর্য উপভোগ করতে পারেন। এর একটি পর্বতমালা রয়েছে, যা পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে। এখানে মত্স্য সম্পদ ছাড়াও আছে নারকেল। প্রতিমাসে ২ মিলিয়ন নারকেল ব্যাংককে পাঠানো হয় এখান থেকে। সারাদেশের মধ্যে এখানকার নারকেল সর্বোত্তম। সামুই আপনাকে দেবে সরল প্রকৃতি, যা অন্যগুলো থেকে একদমই আলাদা। এর সৈকত সাদা বালু দ্বারা গঠিত, যা পরিষ্কার ও স্বচ্ছ। এছাড়া এই দ্বীপে ধান চাষও হয়ে থাকে। আপনি সৈকতের দিকে তাকালে দেখতে পাবেন পাম গাছের সারি সৈকতজুড়ে। এখানের চায়েং ও লামাই-এ সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করেন। এখানকার সূর্যোদয় সবচেয়ে মনোরম। নিজেকে তামাটে করার জন্যে কিছু না করে আলস্যে শুয়ে থাকা হবে আদর্শ।

প্যারিস

প্যারিস। শহরটি সম্পর্কে সবারই জানা। অসম্ভব সুন্দর একটি শহর। দেখে যেন মনে হবে পটে আঁকা একটি শহর। পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যস্ত নগরীটি সবসময় আলোয় আলোকিত হয়ে থাকে। প্রাচীর দ্বারা বেষ্টিত মার্জিত এবং অত্যাধুনিক এই নগরীটি দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয় এর সুদৃশ্য ভবন ও রাস্তার কারুকাজের জন্য। প্যারিস শহরটি এখন বিশ্বের প্রধান ব্যবসায়িক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি। অনেকবছর ধরে এই শহরটি শিল্পকলা, ইতিহাস ও পেইন্টিংয়ের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্যারিসকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক শৈলীর রাজধানী। প্যারিস নগরীতে ঘুরে বেড়ানোর বহু স্থান রয়েছে। আইফেল টাওয়ার, প্যারিস গেট, প্রেসিডেন্টের বাসভবন এলিজি প্যালেস, এনভারস এ মোমার্থ পার্লামেন্ট হাউজ লুক, যাদুঘর, নটরডেম গির্জা, কর্নকড টাওয়ার, গিমে যাদুঘর, নেপালিয়ানস টুম ইত্যাদি। এগুলো না দেখলে প্যারিস সফর অর্থহীন হয়ে যায়। আইফেল টাওয়ারে উঠলে সম্পূর্ণ প্যারিস শহরকে খুব সহজে দেখা সম্ভব!

ভিয়েনা

নিউইয়র্কভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের সবচেয়ে সুন্দর শহরের তালিকায় এই নিয়ে পরপর ৮ বার শীর্ষস্থান ধরে রাখতে সমর্থ হলো এ নান্দনিক সৌন্দর্যপূর্ণ ভিয়েনা। ভিয়েনায় রয়েছে সুসজ্জিত সব ভবন আর পার্ক। গণপরিবহন ছাড়াও সাইকেল ব্যবহার করে শহরের প্রতিদিনের পরিবহন খরচ সম্প্রতি ১ ইউরোতে নিয়ে এসেছে নগর কর্তৃপক্ষ। তাছাড়া ১৭ লাখ বাসিন্দার এ শহরে গুরুতর অপরাধের ঘটনা বিরল। ভিয়েনা, লোয়ার অস্ট্রিয়া প্রদেশে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে উভয়দিকে ৩০ বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট সুন্দর, ছবির মতো সাজানো গোছানো একটি শহর। পুলিশ কঠোর হস্তে শহরটিতে অপরাধ নিয়ন্ত্রণ করে। ভিয়েনার প্রতিটি পাড়ায় রয়েছে এক একটি থানা। সেসব থানা কর্তৃক রয়েছে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা। রয়েছে ওয়াটার পুলিশ, যারা ভিয়েনার ভেতর দিয়ে প্রবাহিত দানিয়ুব নদীতে টহল দিচ্ছে সবসময়।

প্রাগ

প্রাগ হলো চেক প্রজাতন্ত্রের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে এটিও একটি। গ্রীষ্মকালে এখানে অবস্থিত মিনারগুলো আরও বেশি সুন্দর দেখায়। ভল্টভা নদী, চার্লস ব্রিজ ও অসম্ভব সুন্দর পুরাতন শহরে স্কয়ার প্রাগুয়ের মূল সৌন্দর্য বিদ্যমান। প্রতিবছর অসংখ্য পর্যটক প্রাগের ঐতিহাসিক সৌন্দর্য দেখার জন্য ভিড় করে। এই শহরের অধিকাংশ মিনার, ভবন ও মিউজিয়ামগুলো রোমান স্থাপত্যশৈলী গোত্থিক আর রেনেসাঁস ইরাস স্টাইলে তৈরি। বেশিরভাগ শৈল্পিক আকর্ষণ দেখা যায় প্রাগ ক্যাসেল, ইহুদি কোয়ার্টার, লেনন ওয়াল, চার্লস ব্রিজ ও পেট্রিন পাহাড়ের মাঝে। এই শহরটির রাস্তায় রাস্তায় বিভিন্ন মিউজিয়ামে চিত্রপ্রদর্শনী ও গ্যালারিতে সিনেমা, থিয়েটার চর্চা হতে দেখা যায়। প্রাগ এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ সুন্দর শহরগুলোর মধ্যে একটি।