ক্ষেতলালে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষে ৮ জন আহত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২২:৩৯
সংগ্রাম কমিটি গঠনকে কেন্দ্র করে জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপি’র দুই গ্রুপে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার গাড়ী ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিএনপি’র অপর গ্রুপ। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৮ জন কর্মী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় জয়পুরহাটের ক্ষেতলাল থানা বিএনপি কার্যালয় চত্বরে নির্ধারিত ঘোষণা অনুযায়ী ক্ষেতলাল উপজেলা সংগ্রাম কমিটির বৈঠক চলছিল। সংগ্রাম কমিটিতে সদস্য পদে স্থান পাওয়াকে কেন্দ্র করে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বাধীন বিএনপি কর্মীদের সাথে কেন্দ্রীয় জাসাস এর সহ-সভাপতি লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বাধীন বিএনপি’র অপর একটি গ্রুপের কর্মীদের সাথে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে সংসদ সদস্যের গাড়ী ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।