ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী কানপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে ব্যঙ্গ করে ‘শাহজাদা’ বলে মন্তব্য করেছেন। মোদী বলেছেন, সোনার চামচ মুখে জন্ম নেয়া এই শাহজাদা গরিব দরদি হাতে পারেন না। বিজেপি হচ্ছে প্রকৃত গরিব দরদি দল। এই কারণে ২০১৪ সালের নির্বাচনে বিজেপিই ভারতের সরকার গঠন করবে। গতকাল শনিবার কানপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় মোদী এসব কথা বলেন। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা গঠনমূলক রাজনীতি করতে চাই। ভারতের রাজনীতিতে কংগ্রেস পচন ধরিয়েছে অভিযোগ করে তিনি বলেন, রাজনীতি ও সরকারকে রোগমুক্ত করতে শীঘ্রই ক্ষমতায় আসছে বিজেপি।
জনসভায় মোদী আরো বলেন, কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করছে। তারা এমন ভাব করে যেন, তারাই মুসলমানসহ অন্য ধর্মের লোকদের প্রকৃত বন্ধু। কিন্তু এটা ভণ্ডামি। আমরাও চাই সব ধর্মের উন্নয়ন। ২০১৪ তে পরিবর্তন নিশ্চিত। বিজেপির হাতে সরকারের দায়িত্ব আসবে। আমাদের কাছে ভারত আগে, দলবাজি পরে। দেশের উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকার এই কথায় বিশ্বাস করে না।
কানপুরের ভোট জয় করার জন্য মোদী বলেন, গুজরাটে তপশিলি জাতি ২২ শতাংশ। গুজরাট যদি অসীম অগ্রগতি অর্জন করতে পারে তাহলে উত্তর প্রদেশে কেন পারবে না? বিজেপি ক্ষমতায় আসলে সেই উন্নয়ন সম্ভব হবে।
জনসভায় লাখ লাখ লোকের উপস্থিতি দেখে উল্লসিত মোদী বলেন, আগে বহু জনসভা করেছি, এমন ভিড় আগে দেখিনি। কানপুর আমার মন জয় করেছে। মানুষ অনেকক্ষণ ধরে রোদে অপেক্ষা করছে। এ থেকেই বোঝা যায় মানুষ কংগ্রেসের প্রতি কতটা রেগে আছে। তারা আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এরপর তিনি রাজ্যবাসীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, আপনারা কি আপনাদের সন্তানের সুন্দর ভবিষ্যত্ চান না? কংগ্রেস ৬০ বছর ধরে ভুয়া প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচন এলে ওরা ভুলে যায় আগের বছর কি প্রতিশ্রুতি দিয়েছিল। ২০০৯ সালে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল মুদ্রাস্ফীতি কমানো হবে। কিন্তু কমার পরিবর্তে বেড়েছে।
মোদীর জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি ছিল বিজেপির। প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা হওয়ার পর এই প্রথম কানপুরে প্রকাশ্যে সমাবেশে বক্তব্য রাখলেন মোদী।
