সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল শনিবার আত্মঘাতি হামলায় কমপক্ষে ১৬ সৈন্য নিহত হয়েছে। দেশটির সেনা ও ইসলামপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন এই ্হামলার কথা স্বীকার করেছে। খবর এএফপির।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসলামী চরমপন্থী সংগঠন আল-নুসরা ফ্রন্টের এক আত্মঘাতী হামলাকারী গাড়ি বোমা হামলাটি চালায়। এসময় বিদ্রোহী নিয়ন্ত্রিত ম্লেহা ও জারামানা শহরের মধ্যবর্তী একটি প্রধান চেকপয়েন্টে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। সরকার সমর্থকদের নিয়ন্ত্রণাধীন জারামানা শহরটিতে খ্রিস্টান ও মুসলিম দ্রুজ সমপ্রদায়ের লোকেরা বাস করে। সরকার দাবি করেছে এটি সন্ত্রাসী হামলা।
