রাশিয়া ও চীন সফরে যাচ্ছেন মনমোহন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:০৩
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিরসনের লক্ষ্যে আজ রবিবার রাশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। তিনি দুই দেশের সঙ্গেই জ্বালানি, প্রতিরক্ষা ও অর্থনৈতিক বিষয়ে চুক্তি করার বিষয়ে আলোচনা করবেন। এছাড়া চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মীমাংসারও প্রচেষ্টা চালাবেন। এ বছরের শুরুতে দু’দেশ পরস্পরের মধ্যে আস্থা তৈরির অঙ্গীকার করেছিল। খবর এএফপির। মনমোহনের চার দিনব্যাপী বিদেশ সফরের প্রাক্কালে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বলেন, ‘শান্তি ও স্থিতিশীলতা রক্ষা (চীনের সঙ্গে) আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আশা করা যায়, দু’দেশের মধ্যে আলোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ দিক হবে।’ মনমোহন রবিবার রাতে মস্কো পৌঁছার পর পরদিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত্ করবেন। রাশিয়া সফর শেষে তিনি মঙ্গলবার চীন যাত্রা করবেন।