আগামী ২৫ অক্টোবরকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত অবরুদ্ধ। গ্রেপ্তার আতঙ্কে নেতা-কর্মীরা কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না। বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। ফকিরাপুল মোড় থেকে বিজয়নগর পর্যন্ত বিভিন্ন গলিতেও পুলিশের অবস্থান রয়েছে। সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরও বিএনপি কার্যালয়ের সামনে দেখা যাচ্ছে। গোয়েন্দা সংস্থার একটি সাদা মাইক্রোবাস ও প্রিজন ভ্যানও সেখানে রয়েছে।
দলীয় কার্যালয়ে অবস্থান করা বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী গতকাল শনিবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দু’দিন ধরে নেতা-কর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না। কেউ এলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। এর মাধ্যমে সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। তিনি বলেন, কোনো কারণ ছাড়াই দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয় পুলিশ দিয়ে এভাবে অবরুদ্ধ করে রাখা গণতান্ত্রিক রীতিনীতি পরিপন্থী। বিরোধী দলকে দাবিয়ে রাখতে সরকার এসব কাজ করছে।
গতকাল সকালে যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ কার্যালয়ে এলেও পুলিশ তাকে ঢুকতে দেয়নি। কার্যালয়ের প্রধান ফটকে ভেতর থেকে তালা লাগিয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, রিজভী গত বৃহস্পতিবার রাতে নয়াপল্টনের কার্যালয়ে ঢোকেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামসহ কয়েকজন নেতা এবং অফিস সহকারীরা বিএনপি কার্যালয়ে রয়েছেন।
