সুষ্ঠু নির্বাচনের জন্য দুই দলের অর্থবহ সংলাপ দরকার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৪
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনকালীন সময়ে সর্ব দলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব দেয়ার পর যুক্তরাষ্ট্র বলেছে, অর্থবহ সংলাপই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। যাতে এই সংলাপের মাধ্যমে বিশ্বাসযোগ্য নির্বাচনের উপায় বের হয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মিস কেলি ম্যাককার্থি গতকাল শনিবার ইত্তেফাক প্রতিনিধির জিজ্ঞাসার জবাবে বলেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপ করার জন্য আমরা অনুরোধ করে যাচ্ছি। যাতে আগামী কয়েকমাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সর্বসম্মত উপায় খুঁজে বের করা সম্ভব হয়। সেই উপায়টি হলো দলগুলোর ঐকমত্যে উপনীত হওয়া। উভয় দল যে অর্থবহ সংলাপে বসতে আগ্রহী সেই সদিচ্ছা আমরা বুঝতে পেরেছি এবং এতে উত্সাহিত বোধ করছি বলে মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান।