সোনাগাজীর সাবের পাইলট হাইস্কুলে এমপি মোশারফ হোসেনের জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে ওসিসহ ৫০ জন আহত হয়েছেন। যুবদলের উপজেলা যুবদল সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভুঁইয়া গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে সোনাগাজীতে যুবদল-ছাত্রদল আজ রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
বিএনপি নেতৃবৃন্দ জানান, গতকাল শনিবার বিকাল ৫টায় সাবের পাইলট হাইস্কুলে এমপি মোশারফের একটি জনসভা ছিল। বিএনপি-যুবদল-ছাত্রদল জনসভাকে কেন্দ্র করে সোনাগাজী শহরে একটি আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ অফিসের কাছে পৌঁছলে পুলিশ বিনা উস্কানিতে মিছিলে হামলা করে এবং টিয়ারসেল, রাবার বুলেট বর্ষণ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সাথে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররাও সংঘর্ষে যোগ দেয়। জনসভার পরিবর্তে আওয়ামী-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘণ্টাব্যাপী চলে। এ সময় সোনাগাজী থানার ওসি সুভাষ পালসহ পুলিশের ১৫ জন এবং বিএনপি ও আওয়ামী লীগের ৩৫ জন আহত হয়। সকলকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে পুলিশ জানায়, বিএনপির বিক্ষোভ মিছিলটি ছিল মারমুখী। জননিরাপত্তার কারণে মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তাদের সাথে সংঘর্ষ বেধে যায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে পুলিশ যুবদল-ছাত্রদলের ৪ জনকে গ্রেফতার করে।
