আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের একটি শিপব্রেকিং ইয়ার্ড দখলের ঘটনাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক পক্ষ দখলে নিলেও অন্য পক্ষ ইয়ার্ডটি দখলমুক্ত করতে চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদে প্রশাসনিক কার্যালয় বন্ধ থাকায় উপজেলার কদমরসুল সাগরপাড়ে আহম্মদ মোস্তফা স্টীল ইন্ড্রাস্ট্রিজ নামের একটি শিপব্রেকিং ইয়ার্ড স্থানীয় সন্ত্রাসীরা জোরপূর্বক দখল করে নেয়। থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউনুসের নেতৃত্বে সন্ত্রাসীরা দখলকৃত ইয়ার্ডে ইতিমধ্যে অফিসসহ বিভিন্ন স্থাপনা নির্মাণও শুরু করেছে। আচমকা এ ঘটনা ঘটার পর আহম্মদ মুজতবা শিপব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপক বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে আসলেও রহস্যজনক কারণে দুষ্কৃতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। অপরদিকে নিজের ইয়ার্ড উদ্ধারে মরিয়া হয়ে উঠেছে আহম্মদ মোস্তফা শিপব্রেকিং-এর লোকজনও। ফলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আহম্মদ মোস্তফা শিপব্রেকিং-এর ম্যানেজার মো. শরীফ উদ্দিন জানান, মো. আব্দুল মোতালেব মালিকানাধীন ইয়ার্ডটি ২০০৯ সাল থেকে ভাড়া নিয়ে তারা কার্যক্রম চালিয়ে আসছে। মালিকের সাথে তাদের ২০১৬ সাল পর্যন্ত চুক্তি থাকায় ঐ ইয়ার্ডে এখনো একাধিক স্ক্র্যাপ জাহাজ কাটিংয়ের কাজ চলছে। ইয়ার্ডটি দখলমুক্ত করতে তিনি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে শিপব্রেকিং দখলের অভিযোগ অস্বীকার করেন থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইউনুস। তিনি বলেন, ইয়ার্ডটি আব্দুল মোতালেব সাহেবের কাছ থেকে একসময় আহম্মদ মুজতবা স্টিল ইন্ড্রাস্ট্রিজ ভাড়া নেয়; কিন্তু তারা বেশ কিছু শর্ত ভঙ্গ করায় তাদেরকে ভাড়া দেয়া হয়েছে।
