জেলার সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বটতলা এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এছাড়া একই দিনে ঘোড়াধাপ চরিমাগুরা মসজিদ কমিটির আর্থিক হিসাব নিয়ে সংঘর্ষে নিহত হয়েছে ১ জন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাঁশচড়া ইউনিয়নের বটতলা এলাকার রহিম ঈদ উপলক্ষে তার শ্যালিকা ও ২য় স্ত্রী নাছিমাকে নিয়ে বাড়ি আসে। খবর পেয়ে ১ম স্ত্রী ফুলেছা বেগম গত শুক্রবার দুপুরে স্বামী রহিমের বাড়িতে যায়। এতে রহিম ক্ষিপ্ত হয়ে ফুলেছাকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে মামা আব্দুর রাজ্জাক রহিমের বাড়িতে উপস্থিত হলে বেধড়ক পিটুনি দিয়ে তাকে আহত করে। পরে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার জামালপুর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জামালপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন তত্ক্ষণিকভাবে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম, সবুজ, আব্দুর রাজ্জাক, সহিদুল ইসলাম, মমতাজ আলী, সাইদুল ইসলাম ও তোতা মিয়া নামে ৭ জনকে গ্রেফতার করে।
অপর ঘটনায় সদর উপজেলার ঘোড়াধাপ চরিমাগুরা এলাকার মসজিদের আর্থিক হিসাব নিয়ে সংঘর্ষ হয়। এ সময় সামসউদ্দিন মাস্টারকে (৬৫) বেধড়ক পিটুনি দিলে তিনি আহত হন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত শনিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
