কাঁচপুর দিয়ে ঢাকায় স্বাধীনতা বিরোধীদের যেতে দেবো না

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৯
আগামী ২৪ অক্টোবরের পর রাজধানী ঢাকায় প্রবেশের অন্যতম পথ কাঁচপুর সেতু এলাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক এমপি শামীম ওসমান। তিনি বলেছেন, এ কাঁচপুর দিয়ে ঢাকায় স্বাধীনতা বিরোধীদের যেতে দেবো না। বিএনপিকেও মাঠে নামতে দেয়া হবে না। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে। জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কর্মী সভায় গতকাল শনিবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ৫ দিন মানে ২৪ তারিখ পর্যন্ত দেশে অনেক ধরনের নোংরা খেলা হবে। কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তিকে এ সময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ২৪ তারিখে নারায়ণগঞ্জে জনসভার পর রাজপথ রাখতে হবে আওয়ামী লীগের দখলে। যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে রাস্তায় নামতে দেয়া হবে না। এ জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলে, অতীতে আমি এমপি থাকা অবস্থায় সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লার উন্নয়ন হয়েছে। জনগণ যদি আমাকে আরেকবার সুযোগ দেয় তবে আমিই অতীতের উন্নয়নের রেকর্ড ভাঙ্গবো।