শুধুমাত্র ব্রিটেনের প্রেক্ষাপটেই নয়, বরং বিশ্ব প্রেক্ষাপটেও ঘোড়দৌড়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় লিভারপুলের এইনট্রিতে অনুষ্ঠিত শতবর্ষেরও বেশি পুরোনো প্রতিযোগিতা গ্র্যান্ড ন্যাশনালকে। সর্বমোট ৩০টি প্রতিবন্ধকতা নিয়ে সাজানো ৪ মাইল ৮৫৬ গজের এই রেস যেমন অংশ নেওয়া বহু ঘোড়া ও তার জকিদের পাদপ্রদীপের আলোয় এনেছে তেমনি এই রেসটি শেষ করতে ব্যর্থ হয়েছেন এমন উদাহরণও অগণিত। তবে আজ অবদি সবচেয়ে দ্রুততম সময়ে যিনি এই রেসটি শেষ করতে সক্ষম হয়েছিলেন সেই জকির নাম মি. ফ্রিস্ক। ১৯৯০ সালে মাত্র ৮ মিনিট ৪৭.৮ সেকেন্ড সময়ে রেসটি শেষ করে অনবদ্য এই রেকর্ড গড়েন ফ্রিস্ক। অন্যদিকে এই প্রতিযোগিতায় এ যাবতকালের সবচেয়ে সফল ঘোড়া হিসেবে বিবেচনা করা হয় রেড রাম নামের একটি ঘোড়াকে। ১৯৭৩, ১৯৭৪ ও ১৯৭৭ সালে রেকর্ড তিনবারের বিজয়ী এই ঘোড়াটি ১৯৭৫ ও ১৯৭৬ সালেও দ্বিতীয় স্থান অর্জন করে।
