বায়ার্নের বড় জয়

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:০৯
মারিও গোয়েটজের অনুপ্রাণিত ফুটবলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মেইঞ্জের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। এ জয়ে বুন্দেসলিগায় টানা ৩৪টি ম্যাচে অপরাজিত থাকা বর্তমান চ্যাম্পিয়নরা আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরলো। বায়ার্ন গত বছর অক্টোবরে জার্মান লিগে পরাজয়ের পরে এখন পর্যন্ত হারেনি। ৩০ বছর আগে হামবুর্গ টানা ৩৬টি ম্যাচে জয়ের যে রেকর্ড গড়েছিল তা ছুঁতে আর মাত্র দুইটি জয় দূরে রয়েছে গত মৌসুমে ট্রেবল জয়ী দলটি। সেন্টার ব্যাক জেরোম বোয়েটাংয়ের ভুলের সুবাদে মেইঞ্জের স্ট্রাইকার শন পারকার ৪৪ মিনিটে গোল করে সফরকারীদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে জার্মান মিডফিল্ডার মারিও গোয়েটজ বদলি হিসেবে মাঠে নেমেই স্বাগতিকদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন। তার অবদানেই প্রথম তিনটি গোল পায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি। এ ব্যাপারে বায়ার্ন অধিনায়ক ফিলিপ লাহম বলেছেন, ‘আমরা সত্যিকার অর্থেই প্রথমার্ধে বেশ চাপের মধ্যে ছিলাম। আমাদের মনোযোগেরও অভাব ছিল। আন্তর্জাতিক ম্যাচের কারণে কয়েকদিনের বিরতি পেলেই সাধারণত এমনটা হয়ে থাকে। এর থেকে বেরিয়ে আসার জন্য কিছুটা সময়ের প্রয়োজন ছিল। বিরতির পর আমরা নিজেদের ছন্দ ফিরে পাই। তবে পুরো কৃতিত্বই মেইঞ্জের। তারা সত্যিকার অর্থেই আমাদের জন্য ম্যাচটি কঠিন করে দিয়েছিল।’ মূলত গোয়েতজই খেলাটিতে পার্থক্য গড়ে দেন। তার দুর্দান্ত পাস থেকেই ৫০ মিনিটে ডাচ উইঙ্গার আরিয়েন রোবেন সমতা ফেরান। এর দুই মিনিট পরে গোয়েতজ এবং রোবেনের মিলিত প্রচেষ্টায় থমাস মুলার ব্যবধান বাড়াতে সক্ষম হন। খেলাটিতে নিজেদের প্রায় পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর গোয়েতজের ক্রস থেকে ৬৯ মিনিটে মারিও মানজুকিজ তৃতীয় গোলটি করেন। ৮২ মিনিটে বায়ার্নের সহ-অধিনায়ক বাস্টিয়ান শোয়েনস্টেইগারকে বক্সের মধ্যে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে মুলার নিজের দ্বিতীয় গোল করলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। বায়ার লিভারকুসেন এর আগে শুক্রবার হফেনহেইমের বিপক্ষে ২-১ গোলের জয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য বুন্দেসলিগার শীর্ষে উঠে এসেছিল; কিন্তু সর্বশেষ জয়টির সুবাদে বায়ার্ন আবারো শীর্ষে ফিরে এলো। এদিকে আর্সেনালের বিপক্ষে মঙ্গলবার লন্ডনে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ খেলাটির আগে বরুশিয়া ডর্টমুন্ড বাড়তি ঘাম ঝরিয়ে হ্যানোভার ৯৬ এর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে। খেলার চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে গোলটি করেন জার্মান উইঙ্গার মার্কো রেওস। বায়ার্নের থেকে এক পয়েন্ট পিছিয়ে থাকলেও ২২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া।-বাসস/এএফপি