রূপগঞ্জে বিএনপির সভাস্থলে ও মহাদেবপুরে ১৪৪ ধারা

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:১৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে গতকাল রবিবার উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও আওয়ামী লীগ পৃথক সভা আহ্বান করে। সভাস্থলে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরে একই সময় ও একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভা আহ্বানকে কেন্দ্র করে উপজেলার রাইগাঁ বাজারসহ এক কিলোমিটার এলাকা জুড়ে রবিবার দুপুর দুইটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়। পরবর্তীতে এসময় আরো বৃদ্ধি করা হতে পারে।