পাখি

বুলবুলি

আপডেট : ১৯ মে ২০১৯, ২০:২০

 

মিষ্টি সুরে গান করা পাখি। চেহারাটা ঝগড়াটে মনে হলেও স্বভাবে মোটেও তা নয়। বুলবুলি ‘বুলবুল’, ‘গুয়া লাল’ নামেও পরিচিত। বাংলাদেশে  প্রায় ১১ প্রজাতির বুলবুল আছে। তার মধ্যে সিপাহি বুলবুলি, বাংলা বুলবুলি, কালোঝুঁটি ও হলদে বুলবুলি বেশি চোখে পড়ে। বুলবুল আকারে প্রায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত হয়। মাথায় রয়েছে রাজকীয় ঝুঁটি। শরীর গাঢ় বাদামি পালকে আবৃত। ঘাড় ও বুকের দিকটা কালচে বাদামি। তলপেট সাদাটে, পা ও ঠোঁট কালো। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। এদের প্রধান খাবার পাকা ফল, ফুলের কুঁড়ি ও মধু, কীটপতঙ্গ ইত্যাদি। মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। বাড়ির আশেপাশে ফলগাছে প্রায়ই এদের দেখা যায়। প্রজনন মৌসুম মে থেকে জুলাই। মাঝারি আকৃতির ঝোপড়া গাছে সরু শিকড়-বাকড় দিয়ে পেয়ালা আকৃতির বাসা বাঁধে। একবারে দু-তিনটি ডিম দেয়। গোলাপির ওপর কালো দাগ সমৃদ্ধ এ ডিম ফুটে ছানা বের হতে ১৫-২০ দিন লেগে যায়। বুলবুলের লেজের নিচের দিকে গাঢ় লালচে দাগ থাকে বলে ইংরেজিতে একে বলা হয় রেড-ভেনটেড বুলবুল।