নগরীর খুলশী এলাকায় ২ অবাঙালিকে আটক ও বসতিতে হামলার প্রতিবাদে গতকাল রবিবার চট্টগ্রামে বসবাসরত অবাঙালি বিহারীরা সড়ক অবরোধ করেছে। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবাঙালিদের জমি নিয়ে খুলশীর পাহাড়িকা আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একদল অজ্ঞাত সন্ত্রাসী গত শনিবার গভীর রাতে তাদের বসতিতে হামলা করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয়। তারা বসবাসকারীদের উচ্ছেদের চেষ্টা করেছে বলে বসবাসকারীরা অভিযোগ করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের গ্রেফতার না করে ক্ষতিগ্রস্ত রেজোয়ান ও ইরফান নামে ২ ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ বিহারীরা গতকাল সকালে জাকির হোসেন রোডে অবস্থান নিয়ে অবরোধ করে।
