রেলের সাবেক জিএম মৃধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৩
নিয়োগ পরীক্ষায় দুর্নীতির দু’টি মামলায় সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাসহ পূর্বাঞ্চলীয় রেলের তিন কর্মকর্তা এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৫ প্রার্থীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল রবিবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ এসএম মুজিবুর রহমানের আদালত এ পরোয়ানা জারি করেন। মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিরা বর্তমানে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে আদালত সূত্র জানায়। মৃধা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অপর দুই কর্মকর্তা হলেন সমাজ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও ওয়েলফেয়ার অফিসার হাফিজুর রহমান। অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রার্থীরা হলেন ফুয়েল চেকার পদে আবুল কাশেম ও আনিসুর রহমান এবং সহকারি কেমিস্ট পদে গণেশ চন্দ্র শীল, সুলতানা বেগম ও জহিরুল ইসলাম। এ নিয়ে মৃধাসহ রেলওয়ে পূর্বাঞ্চলে নিয়োগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হল। ২১ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর রেলওয়ের ট্রেন টিকেট চেকার পদে অনিয়মের মাধ্যমে নিয়োগের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মৃধাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। আদালত সূত্রে জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলের ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদে নিয়োগে অনিয়মের অভিযোগে গত ১৩ এপ্রিল নগরীর কোতোয়ালি থানায় দু’টি মামলা দায়ের করে দুদক। দায়ের হওয়া দু’টি মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।