চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে চাপা উত্তেজনা-উদ্বেগ বিরাজ করছে। রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ দুশ্চিন্তায় পড়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় সরকার গঠনের আহ্বানে কেউ কেউ হাফ ছাড়লেও পরবর্তী পরিস্থিতিতে অনেকেই আবার শঙ্কিত। প্রধানমন্ত্রীর ভাষণের পর তাদের মনে হয়েছিল আপাতত: সমস্যাটির সুরাহা হলো। কিন্তু আবারও জটিলতার আভাসে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তারা অস্থির।
বিশেষ করে ১৮ দলীয় জোটের স্থানে স্থানে গঠিত ‘সংগ্রাম কমিটি’ ও আওয়ামী লীগ গঠিত ‘সেন্টার কমিটি’ গঠন নিয়ে উদ্বেগের মাত্রা বহুগুণ বেড়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে রাজপথ দখলে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে গঠন করা হচ্ছে সংগ্রাম কমিটি। প্রতিটি ভোট কেন্দ্রের বিপরীতে একটি করে কমিটি গঠনের কাজ চলছে জোরেশোরেই। এদিকে ১৮ দলীয় জোটের এই সংগ্রাম কমিটি মোকাবেলায় আওয়ামী লীগও পাল্টা প্রস্তুতি হিসাবে ‘সেন্টার কমিটি’ গঠন করছে। রাজনৈতিক কর্মসূচির নামে জোটের নেতাকর্মীরা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেন্টার কমিটি তা প্রতিহত করবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ প্রশংসিত হয়েছে সব মহলে। নির্বাচন নিয়ে সকল শঙ্কাও দূর হয়েছে প্রধানমন্ত্রীর ভাষণে। এখন বিএনপির নির্বাচনী প্রস্তুতি নেয়া উচিত। কিন্তু তারা নির্বাচন বানচালের লক্ষ্যে রাজপথে কোন হিংসাত্মক কর্মকাণ্ড চালালে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে গঠিত সেন্টার কমিটি। উদ্ভূত পরিস্থিতি ও পাল্টাপাল্টি কমিটি গঠনের ফলে সিলেটের রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠেছে।
সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম গতকাল বিকালে ইত্তেফাককে বলেন, সিলেট বিভাগের সর্বত্র ‘সংগ্রাম কমিটি’ গঠনের কাজ চলছে দ্রুত। বেগম জিয়ার এই আন্দোলন থেকে আমাদের কেউ দমিয়ে রাখতে পরবে না। ‘সেন্টার কমিটি’ জনগণের আন্দোলনে ভেসে যাবে।
গত ৫ অক্টোবর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ও একদলীয় নির্বাচন প্রতিরোধে অনুষ্ঠিত জনসভা থেকে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর থেকে সিলেটে শুরু হয় ভোটকেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠন প্রক্রিয়া। তবে সিলেটে কমিটি গঠন নিয়েও নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জেলা ও মহানগর নেতারা ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সংগ্রাম কমিটি গঠন করছেন-এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্ট অনেক নেতাকর্মী। এব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাধারণ সমপাদক আবদুল কাইয়ূম জালালী পংকী বলেন, ১৮ দলীয় জোটের সকল নেতাকর্মীর সমন্বয়ে সংগ্রাম কমিটি গঠনের কাজ চলছে। কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতরা স্থান পাবেন। ২২ অক্টোবরের মধ্যে সকল কমিটি গঠন সমপন্ন হবে এবং এরপর একদলীয় নির্বাচন ঠেকাতে ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে ‘সংগ্রাম কমিটি’ রাজপথে আরো সক্রিয় হবে।
সিলেটে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ
গতকাল বিকালে সিলেটের জকিগঞ্জ উপজেলায় ছাত্রদল দু’গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। পল্টাপাল্টি হামলায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
