আগামী ২৫ অক্টোবর শুক্রবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দিয়েছে মহানগর আওয়ামী লীগ ও বিএনপি। গতকাল রবিবার দুপুরে নগরীর চশমা হিলে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী লালদীঘির ময়দানে আগামী ২৪ ও ২৫ অক্টোবর লাগাতার অবস্থান কর্মসূচি ও সমাবেশের ডাক দেন। এছাড়া তিনি ‘দা-কুড়াল’ সংস্কৃতির বিরুদ্ধে পাড়ায় মহল্লায় ‘জনগণের বাহিনী’ গঠন করে প্রতিরোধের দুর্গ গড়ে তোলার আহ্বান জানান।
মহিউদ্দিন চৌধুরীর এই সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা পর বিকাল চারটায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ২৫ অক্টোবর বিকালে নগরীর লালদীঘি ময়দানে সমাবেশের ঘোষণা দেন। ঢাকায় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনের রাস্তায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে তিনি দাবি করেন, ২৫ অক্টোবর লালদীঘির ময়দানের সমাবেশের জন্য ইতিমধ্যে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে। এই সমাবেশ আয়োজনে জন্য তিনি পুলিশের সহযোগিতা কামনা করে বলেন, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে সরকার পতনের কঠোর আন্দোলন শুরু হবে। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়।
এর আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘শান্তি বিঘ্নিত হলে, নৈরাজ্য সৃষ্টি হলে, শিক্ষা ব্যবস্থা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে আওয়ামী লীগের কর্মী বাহিনী ঘরে বসে থাকবে না। তারা জাতির সকল অর্জন রক্ষা করতে ‘দা-কুড়াল’ সংস্কৃতির বিরুদ্ধে পাড়ায় মহল¬ায় ‘জনগণের বাহিনী’ গঠন করে প্রতিরোধের দুর্গ গড়ে তুলবে। ’
তিনি লালদীঘির ময়দানে আগামী ২৪ ও ২৫ অক্টোবর সমাবেশ এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের দুইদিনব্যাপী লাগাতার অবস্থানের মাধ্যমে সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
